
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): নির্মাণকাজের নিরাপত্তাজনিত কারণে হবিগঞ্জের ছয়টি ৩৩ কেভি ফিডারে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ কার্যালয় থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির জেনারেল ম্যানেজারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর জোনাল অফিসের নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের কারণে নিরাপত্তার স্বার্থে এসব ফিডার বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মাধবপুর-২, মাধবপুর-৩, প্রাণ যমুনা-২, যমুনা, শায়েস্তাগঞ্জ ও লাখাই ফিডারে। এসব ফিডারের আনুমানিক সংযুক্ত লোড যথাক্রমে ২০, ১০, ২০, ১৫, ১০ ও ২০ মেগাওয়াট। ছয়টি ফিডারে মোট সংযুক্ত লোড প্রায় ৯৫ মেগাওয়াট।
বিজ্ঞপ্তির তালিকায় মাধবপুর-২ ফিডারের আওতায় মাধবপুর-২, লাখাই ও বানিয়াচং-২ এবং মাধবপুর-৩ ফিডারের আওতায় বেলঘর সুইচিং স্টেশনসহ সংশ্লিষ্ট সংযোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রাণ যমুনা-২ ফিডারের আওতায় রয়েছে নছরতপুর ইনকামার-২।
এ ছাড়া যমুনা ফিডারের আওতায় বস্ত্র বিভাগ ও স্কয়ার টেক্সটাইল, শায়েস্তাগঞ্জ ফিডারের আওতায় যমুনা, হবিগঞ্জ, মাধবপুর-৩ ও আকিজ এবং লাখাই ফিডারের আওতায় চরকা টেক্সটাইল ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ৫ সেপ্টেম্বর বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়ে পত্র জারি করা হয়েছিল। পরে অনিবার্য কারণে ওই সিদ্ধান্ত বাতিল করে ৪ সেপ্টেম্বর শুক্রবার নতুন তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।











