
যায়যায়কাল প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে এবং তা তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। নতুন পে-স্কেলের আওতায় সরকারি পেনশনভোগীদের নিট পেনশনও ৫৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
যাদের পেনশন যত বাড়বে
নতুন পে-স্কেল অনুযায়ী পেনশনভোগীদের বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন: বাড়বে ১০০ শতাংশ
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা: বাড়বে ৭৫ শতাংশ
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা: বাড়বে ৬৫ শতাংশ
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা: বাড়বে ৬০ শতাংশ
৪০ হাজার ১ টাকা বা তার বেশি: বাড়বে ৫৫ শতাংশ
ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বেশি হারে পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন বেতন স্কেলে পুরোনো পেনশনভোগীদের জন্যও স্ল্যাবভিত্তিক নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হবে।
এছাড়া ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ হারে পেনশন বাড়ানো হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ধীরে ধীরে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর দিকে যাওয়ার লক্ষ্য রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।











