সোমবার, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলে জিহাদ হত্যার বিচার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

এস. এম. পারভেজ আলম আদেল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসসংলগ্ন সেতুর পাশে দুর্বৃত্তদের নির্মম হামলায় নিহত হয় জিহাদ (১৬)। সে কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিহাদের বাবা আজগর আলী, সাবেক ইউপি সদস্য মঞ্জু মিয়া, আওলাদ হোসেন, জয়নাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েকজন নারী। বক্তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিলে শাহবাজপুর থেকে বিশ্বরোড হয়ে শান্তিনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রায় এক ঘণ্টা চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া, উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে পুলিশের সহযোগিতায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে জিহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্থানীয়রা।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ