সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে চিংড়িঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে ২৫ বিঘা পৈতৃক জমির চিংড়িঘেরে হামলা, ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি করে বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারজানা কাদের অরিন নামে এক নারী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে।

লিখিত বক্তব্যে ফারজানা কাদের বলেন, দেবহাটা উপজেলার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় তাদের ৮ দশমিক ৩৩ একর পৈতৃক সম্পত্তি রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন ওই সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তারা পৈতৃক সম্পত্তিতে দখল প্রতিষ্ঠা করে সেখানে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন।

ফারজানার দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন তাদের হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে করা একটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, গত ১৮ আগস্ট সকালে শরিফুল ইসলাম, আলমগীর হোসেন ও তুহিনের নেতৃত্বে একদল লোক তাদের ২৫ বিঘার চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের মারধর করা হয়। পরে ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার বাগদা ও গলদা চিংড়ি লুট করে নেওয়া হয়। যাওয়ার সময় ঘেরে বিষ প্রয়োগ করা হলে অবশিষ্ট মাছও মারা যায় বলে দাবি করেন তিনি।

এছাড়া শিমুলবাড়িয়া এলাকায় তাদের আরও ৭ বিঘার একটি ঘেরেও হামলা ও লুটপাটের অভিযোগ করেন ফারজানা।

সংবাদ সম্মেলনে তিনি শরিফুল ইসলাম, আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পৈতৃক সম্পত্তি ও চিংড়িঘের রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ