শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

যায়যায়কাল প্রতিবেদক: রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। তবে স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত করা হয়নি।’

নতুন স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবেন বলে জানান তিনি।

সুস্থ বাংলাদেশ গড়তে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনসাধারণের আস্থা অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন।

জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে জুবাইদা রহমান গত ১২ বছরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছে দিতে আইদেশির প্রচেষ্টার প্রশংসা করেন।

বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। ব্যক্তিগত পুরস্কার ও পুরস্কারের অর্থায়নে একটি ছোট গবেষণাগার হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০০ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকদের একটি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে ফিরদৌসী কাদরী বলেন, আইদেশি থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ এবং জিনগত রোগ, বিশেষ করে জন্মগত বিপাকীয় ত্রুটি নিয়ে গবেষণাসহ জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। শুধু গবেষণাগারেই নয়, কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়েও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্যোগের একটি হলো থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ নিয়ে গবেষণা। বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাহক হওয়ার হার জানতে গবেষণাগারে পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, অলাভজনক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনের সহযোগিতায় সচেতনতামূলক প্রচার এবং ব্যাপক পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে আইদেশি।

কাদরী বলেন, করোনাভাইরাস মহামারির সময় আইদেশি দ্রুত পরীক্ষার সক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণের সক্ষমতা গড়ে তোলে। জনস্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত গবেষণাগারকর্মী ও আগে থেকে গড়ে তোলা প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব ওই অভিজ্ঞতায় স্পষ্ট হয়েছে।

সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে আইদেশি।

ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার হিসেবে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাংলাদেশে নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের কথা জানান কাদরী। ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচির কেন্দ্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে রাখতে হবে। তিনি রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের টেকসই পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকারমূলক পাঁচটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করেন।

তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণে আইদেশির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ