শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সাইদুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার সতর্ক ও নিষেধ করেন।

এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, গ্রামের মাতব্বর আলাউদ্দিন ও আইয়ুব আলীর নেতৃত্বে কাশিনাথপুরের একদল যুবক রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *