মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

যায়যায়কাল প্রতিবেদক: গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তাঁরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হৃদ্যতার কথা স্মরণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একইসঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আইনজীবীরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।

হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে কিন্ত সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ