
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): ছয় বছর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন হবিগঞ্জের মাধবপুরের মামুন মিয়া (৩২) ও মমতা বেগম (২৫)। তবে দাম্পত্য কলহ ও নির্যাতনের অভিযোগে সেই প্রেমের পরিণতি হয়েছে ভয়াবহ।
ঘুমন্ত স্বামীর মাথা ও মুখমণ্ডলে পাথরের শিল-পাটার পুতা দিয়ে আঘাতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্ত্রী মমতা বেগম।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, গুরুতর আহত স্বামী মামুন মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে মমতাকে আদালতে হাজির করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা জানান, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের পর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে মামুন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি তাদের সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।
স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘটনার দিন রাতে স্বামী ঘুমিয়ে পড়লে পাথরের শিল-পাটার পুতা দিয়ে তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। এরপর তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান মমতা।
পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে গ্রেপ্তার করা হয়। মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। এই দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে, আহত মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন মামুনকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিলপাটার পুতা দিয়ে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন।
গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।











