বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে খাল ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): টানা দুই দিনের ভারী বৃষ্টিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে পাগলা ছড়া খাল ও সোনাই নদীর সংযোগস্থলে ভয়াবহ খালভাঙন দেখা দিয়েছে।

প্রবল স্রোতে একের পর এক বসতঘর খালের গর্ভে বিলীন হচ্ছে। এতে অন্তত ১০ থেকে ১৫টি পরিবারের অর্ধশতাধিক মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে পাগলা ছড়া খাল ও সোনাই নদীর পানির প্রবল স্রোতে ভাঙনের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইতোমধ্যে কয়েকটি বসতঘর খালের গর্ভে বিলীন হয়েছে। দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আরও বসতঘর, ফসলি জমি ও স্থানীয় অবকাঠামো ভাঙনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বুধবার সকালে খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ভাঙনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষয়ক্ষতি রোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, প্রতি বর্ষায় পাগলা ছড়া খাল ও সোনাই নদীর সংযোগস্থলে ভাঙন দেখা দিলেও স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা খাল সংরক্ষণ এবং টেকসই ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি চান।

পরিদর্শনকালে ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ