
এস. এম পারভেজ আলম আদেল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো. এনাম খাঁ, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হেনা মোহাম্মদ মামুন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি হাজী মো. সাইফুল ইসলাম, হেফাজতে ইসলাম সরাইল উপজেলার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন এবং সরাইল থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদান জাতিকে ন্যায়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
বক্তারা শহিদদের অবদান চিরস্মরণীয় করে রাখতে নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাইয়ের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।











