
যায়যায়কাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় একটি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে এক বিএসএফ সদস্যের গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হেফাজতে থাকা এক বিএসএফ কনস্টেবল একটি সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন।
ঘটনার পর অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে। কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বাহিনীর অভ্যন্তরীণ একটি ঘটনা। ঘটনার প্রকৃত কারণ জানতে বিএসএফ তদন্ত শুরু করেছে।











