বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্র ছিল কিনা, খুঁজে দেখা দরকার: রিজভী

হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা অনুসন্ধান করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, “সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল, না কোনো জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল—এটাও আমাদের খুঁজে বের করা দরকার।”

তিনি আরও বলেন, সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর অর্থনৈতিক নীতি ও সংস্কার কার্যক্রম অনেকের কাছে গ্রহণযোগ্য না-ও হয়ে থাকতে পারে। তাই তাঁর মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল কিনা, তা নিয়ে সন্দেহের বিষয়টি অনুসন্ধান করা প্রয়োজন।

সাইফুর রহমানের অর্থনৈতিক নীতির প্রশংসা করে রিজভী বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংও বাংলাদেশের অর্থনীতির উদারীকরণের নীতির কিছু দিক অনুসরণ করেছিলেন। তিনি বলেন, “আমরা সেই সাইফুর রহমানকে অনেক সময় ভুলে যাই। আমাদের ভুলে যাওয়া চলবে না, আমাদের তাঁকে স্মরণ করতে হবে।”

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরির অন্যতম কারিগর। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছিলেন।

তিনি বলেন, সিলেটবাসীর কাছে এম সাইফুর রহমান শুধু একজন সাবেক অর্থমন্ত্রী ছিলেন না; তিনি ছিলেন সিলেটের উন্নয়ন ও সম্ভাবনার একজন স্বপ্নদ্রষ্টা। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, ক্রীড়া ও সামগ্রিক উন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগ সিলেটবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই দিন তিনি মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

এম সাইফুর রহমানের ছেলে সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউস এমপি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি হেলাল খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ