মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্পেন প্রবাসীর স্কুল ড্রেস বিতরণ

মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৭৯ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুর্গাপুর গ্রামের কৃতী সন্তান ও স্পেন প্রবাসী বিশিষ্ট দানবীর এইচ এম দবির তালুকদারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গ্রামের মুরব্বিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, স্পেন প্রবাসী এইচ এম দবির তালুকদার দীর্ঘদিন ধরে নিজ এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সহযোগিতা করে যাচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় পোশাক ও শিক্ষা উপকরণের অভাবে নানা সমস্যার মুখোমুখি হয়। তাদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এইচ এম দবির তালুকদারের এমন উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এইচ এম দবির তালুকদার বলেন, “আমি এই এলাকার সন্তান। নিজের এলাকার মানুষের জন্য কিছু করতে পারাকে আমি দায়িত্ব মনে করি। বিশেষ করে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এইচ এম দবির তালুকদার যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গেছে। এ ধরনের সহযোগিতা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।”

স্থানীয় মুরব্বিয়ানরাও এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও এইচ এম দবির তালুকদার নিজের এলাকার মানুষের কথা ভুলে যাননি। দরিদ্র ও অসহায় মানুষের পাশে তার সহযোগিতা অব্যাহত থাকলে এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ আরও উপকৃত হবে।

স্কুল ড্রেস বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় মুরব্বিয়ান ও উপস্থিত অতিথিরা এই মানবিক উদ্যোগের জন্য এইচ এম দবির তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ