
মোঃ সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫০০ দরিদ্র ও অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি।
কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার দরিদ্র, হতদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
এ সময় তিনি বলেন, সীমান্ত পাহারা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণেও বিজিবি কাজ করে যাচ্ছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও শক্তিশালী করতে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে বিজিবির প্রতি আস্থা আরও বাড়বে।
কর্মসূচিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএসসহ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











