
আবুল খায়ের, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ধানখেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার ধানখেত থেকে লাশ ও চার্জার ভ্যানটি উদ্ধার করে।
নিহত ভ্যান চালক বিপুলের বাড়ি উপজেলার বাহাদুরপুর গ্রামে। ওই গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। বিপুল ৫ কন্যা সন্তানের বাবা। পারিবারিক সূত্রে জানা যায়, নিজের জমি জমা না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করার পাশাপাশি দিন মজুরী করেন। রাতে চার্জার ভ্যান চালান দীর্ঘ দিন থেকে। এ ভাবে সংসার চলে তার। ৩ মেয়েকে বিয়েও দিয়েছেন।
কঠোর পরিশ্রমী বিপুল প্রতি দিনের মতো ঘটনার দিন সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সারারাত বাড়ি ফেরেননি বিপুল। পরিবারের লোকজন মঙ্গলবার সকালে বিপুল নিহতের খবর পায়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত গভীর রাতে বড় মহাজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানখেতে অজ্ঞাত গলাকাটা লাশ ও পাশে চার্জার ভ্যানটিও পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ধানখেতের বেশ কিছু ধানগাছ ভাঙা ছিল। এতে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা কিংবা অন্য কোনো কারণে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।











