শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী ক্রিকেটারদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর উদ্যোগ বিসিবির

যায়যায়কাল ডেস্ক: বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিগগিরই বোর্ড সভায় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।

শুক্রবার বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমাদের অনলাইন বোর্ড সভা হয়েছে। সেখানে অনেক পরিচালক উপস্থিত ছিলেন। আমরা বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সভায় এটি অনুমোদনও পাবে।’

গত ২৬ অক্টোবর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রিন্ট সংস্করণে ‘Here motherhood costs cricket career’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ ক্রিকেটে মাতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকায় বেশ কয়েকজন নারী ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন— সেখানে উঠে আসে এমন কঠিন বাস্তবতা।

প্রতিবেদনটিতে বর্তমান ও সাবেক নারী ক্রিকেটার, আম্পায়ার এবং কোচরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, মাতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকায় একজন নারী ক্রিকেটারের পক্ষে মাতৃত্ব ও দীর্ঘমেয়াদি ক্রিকেট ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ও বেতনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে রফিকুল বলেন, ‘কত মাসের ছুটি দেওয়া যায় এবং বোর্ডের বেতনভুক্তদের ক্ষেত্রে কীভাবে বেতন দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। কেউ চার মাসের কথা বলেছেন, আবার আমরা ছয় মাসের প্রস্তাব দিয়েছি। আপাতত চার মাসের প্রস্তাব করা হয়েছে। তবে এটি বাড়িয়ে ছয় মাসও করা হতে পারে।’

এদিকে, নারী জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিনের জন্য এরই মধ্যে চার মাসের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। চলতি বছরের শুরুতে বেতনসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন তিনি।

এই প্রসঙ্গে রফিকুল বলেন, ‘আমি ইতোমধ্যে ফাইলে স্বাক্ষর করেছি। চার মাসের বেতন এক-দুই দিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা।’

যোগাযোগ করা হলে সুরাইয়া জানান, বিসিবির নারী বিভাগের দায়িত্বে থাকা বুলবুল বাশার তাকে অগ্রগতির বিষয়টি জানিয়েছেন। বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অবশেষে তারা বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর উদ্যোগ নিচ্ছে জেনে আমি অনেক বেশি খুশি।’

বিশ্ব ক্রিকেটে নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে বেশ কিছু বোর্ড ইতোমধ্যে নীতিমালা চালু করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। অন্যদিকে, ২০২১ সালে ‘প্যারেন্টাল সাপোর্ট পলিসি’ চালু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের ২২ জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটারদের জন্য গর্ভধারণ ও সন্তান জন্মদানের পর আবার ক্রিকেটে ফেরার বিষয়ে বিশেষ নির্দেশিকা চালু করেছে। ছয়টি ধাপের এই নির্দেশিকায় রয়েছে— প্রস্তুতি, পর্যালোচনা, শারীরিক পুনর্গঠন, শারীরিক সক্ষমতা ফিরে পাওয়া, খেলায় প্রত্যাবর্তন ও সক্ষমতার আরও উন্নয়ন।

এতে শারীরিকভাবে সবল হয়ে ওঠা, চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, ধীরে ধীরে অনুশীলনে ফেরা এবং পুরো প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে আইসিসির এই নির্দেশিকা সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে নিজস্ব নীতিমালা প্রণয়নে সহায়তা করলেও নারী ক্রিকেটারদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ