
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ও রাত্রীকালীন টহল পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সরাইল উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের আনুমানিক ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থানে থাকা চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা পাথরবাড়ি এলাকার মো. মামুন মিয়া (৩০), চরচারতলা সরকারবাড়ি এলাকার সিয়াম সরকার (২৮), সোনারামপুর হাজী মালেক মিয়ার বাড়ির নজরুল ইসলাম (২৫) এবং চরচারতলা মরম পাড়া কিচকি বাড়ির মো. স্বপন (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—একটি হেক্স ব্লেড, একটি লোহার কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি ছোট কাঁচি, একটি লোহার পেরেক এবং হাতলবিহীন একটি ছোট স্টিলের ছোরা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











