সোমবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তাহেরীকে ঘিরে উত্তেজনা: তাকে বাদ দিয়েই মাধবপুরে অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের ১৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক ও স্থানীয় উত্তেজনার অবসান হয়েছে।

স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতার তীব্র বিরোধিতা, হুঁশিয়ারি এবং উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় শেষ পর্যন্ত আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাদ আসর থেকে সারারাতব্যাপী বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য সংঘাত এড়াতে গত শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপন এবং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, দরবারের পীর সাহেবদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে, তবে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী এতে অংশ নেবেন না।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই মহাসম্মেলনের প্রচারপত্রে বিশেষ বক্তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর নাম থাকার পর থেকেই স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়ায়। শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে এম শাহীন আলম রিপন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত সরকারের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার অভিযোগ এনে তিনি বহরার মাটিতে তাহেরীকে অবাঞ্ছিত ঘোষণা করছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাহেরী যদি মাহফিলে আসার চেষ্টা করেন তবে তাকে প্রতিহত করা হবে। তবে তিনি এও ঘোষণা দেন যে, তাহেরী না এলে শান্তিপ্রিয় সুন্নি মহাসম্মেলন সফল করতে বিএনপি নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

​অন্যদিকে, বিএনপি নেতাদের এমন বিরোধিতার মুখে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে তাহেরী বলেছিলেন, ভক্তরা তার পাশে আছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন।

সম্মেলনের প্রচারপত্রে স্থান হিসেবে তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ উল্লেখ করা হলেও বিদ্যালয়ের পক্ষ থেকে তাতে আপত্তি জানানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যালয় মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে এবং তাহেরীর অনুপস্থিতিতে সম্মেলন আয়োজনের পথ সুগম হয়।

সম্মেলনে সভাপতিত্ব করবেন খান্দুরা হাবেলীর আলহাজ্ব সৈয়দ মোনাওয়ার বখত (রিহা) এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সৈয়দ রেজাউল কামাল। এছাড়া দরবারের পীর সৈয়দ জুবায়ের কামালসহ অন্যান্য পীর মাশায়েখগণ সম্মেলনে উপস্থিত থাকবেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুফতি জাহাঙ্গীর আলম মোজাহিদী এবং প্রধান বক্তা হিসেবে হাফেজ মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকীর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ