
মো. পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি পাঁচ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি।
বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত তিনতলা দৃষ্টিনন্দন ভবনটি এখন অবহেলা ও অযত্নে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রধান ফটকে ঝুলছে তালা।
চুরি হয়ে গেছে জেনারেটর, সোলার প্যানেলসহ মূল্যবান সরকারি সরঞ্জাম। চারপাশে আগাছা, ময়লা-আবর্জনা ও ভাঙা জানালার কাচে স্পষ্ট হয়ে উঠেছে অব্যবস্থাপনার চিত্র।
স্থানীয়দের প্রশ্ন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণের উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকবে কেন? যথাযথ তদারকি ও নিরাপত্তার অভাবে সরকারি সম্পদ চুরির ঘটনাই বা ঘটবে কেন?
জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০২২ সালে তা শেষ হয়। সরকারি নকশা অনুযায়ী, ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে ছয়টি বাণিজ্যিক দোকান। তৃতীয় তলায় রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের অফিস, লাইব্রেরি, কনফারেন্স রুম ও মিউজিয়াম। পরিকল্পনা ছিল, বাণিজ্যিক দোকান ও বিভিন্ন কক্ষ থেকে প্রাপ্ত ভাড়া বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ তহবিলে জমা হবে। এর মাধ্যমে তাঁদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কল্যাণমূলক কর্মকাণ্ডেও অর্থের জোগান আসবে। কিন্তু ভবনটি চালু না হওয়ায় বাস্তবায়িত হয়নি কোনো পরিকল্পনাই।
সরেজমিনে দেখা যায়, ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। ভেতরে ও চারপাশে জমেছে ময়লা-আবর্জনা, গজিয়েছে আগাছা। জানালার কাচ ভাঙা এবং বিভিন্ন স্থানে অযত্নের ছাপ স্পষ্ট। ভবনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। কোটি টাকার সরকারি বিনিয়োগে নির্মিত স্থাপনাটি কার্যত কোনো কাজেই আসছে না।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, “২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হলেও এটি আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। কমপ্লেক্সে থাকা সব মালামাল চুরি হয়ে গেছে। ৫ আগস্ট ভবনটিতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা চাই, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কার করে প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ব্যবহারের উপযোগী করা হোক। তাহলে বীর মুক্তিযোদ্ধারা সেখানে নিয়মিত অফিস করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।”
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত ভবনটি পরিদর্শন করে খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটিকে প্রাণবন্ত ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে।”
সচেতন মহলের মতে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। শুধু ভবন নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রয়োজন নিয়মিত তদারকি, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা। তাই দ্রুত ভবনটি সংস্কার, চুরি যাওয়া সরকারি সরঞ্জামের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের মাধ্যমে কমপ্লেক্সটি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।











