শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষ মুহূর্তে পাকিস্তানের গোল, সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের সমাপ্তি বাংলাদেশের

যায়যায়কাল প্রতিবেদক: গোলের জন্য কত চেষ্টাই না করলেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদরা। কিন্তু পাকিস্তানের জমাট রক্ষণভাগই পারলেন না ভাঙতে। যাও দুই-একবার পেরেছেন তখন বাধা হয়ে দাঁড়ালেন পাকিস্তানের গোলরক্ষক, কখনো গোলপোস্ট।

অন্যদিকে পাকিস্তানও বেশ কয়েকবার ভয় ধরিয়েছে বাংলাদেশের রক্ষণে। তবে কোনো দলই খুঁজে পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম সময়ে ভাঙল অচলাবস্থা। তবে গোলটি বাংলাদেশের নয়, পাকিস্তানের।

শনিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। জয়সূচক গোলটি করেন আব্দুল সামাদ। শেষ দিকে দর্শকদের মাঠে ফ্লেয়ার ছুড়ে মারা এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আরও নাটকীয় হয়ে ওঠে ম্যাচটি।

পুরো ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন দারুণ খেললেও শেষ দিকে তার ভুলেই গোল হজম করে বাংলাদেশ। তার ভুল পাস থেকে বল পেয়ে ম্যাচের ৮৫তম মিনিটে সামাদের শট ঠেকাতে পারেননি বাংলাদেশের এই গোলরক্ষক। গোল হজমের পর স্তব্ধ হয়ে পড়ে গ্যালারি। যে দর্শকেরা এতক্ষণ গলা ফাটিয়ে সমর্থন দিয়ে যাচ্ছিলেন হামজা-রাকিবদের, তারাই শেষে বিরক্ত হয়ে ওঠেন তাদের উপর।

অথচ ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল উত্তেজনা। প্রথম দুই মিনিটেই দুটি আক্রমণে বাংলাদেশের রক্ষণকে পরীক্ষায় ফেলে পাকিস্তান। শমিত সোমের ভুল পাস থেকে শুরু হওয়া আক্রমণে প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে সফরকারীরা। তবে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত দক্ষতায় দলকে রক্ষা করেন শ্রাবন।

শুরুর চাপ কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহের শট লক্ষ্যে থাকলেও তাতে গোলরক্ষককে তেমন পরীক্ষা দিতে হয়নি। এরপর বলের দখল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন হামজা চৌধুরী, শমিত সোমরা। তবে পাকিস্তানের শারীরিকভাবে শক্তিশালী রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ।

এর মধ্যেও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। শমিতের হেড থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠানোর চেষ্টা করেন রাকিব। পাকিস্তানের গোলরক্ষকের হাতে লেগে বল ছুটে গিয়ে আঘাত হানে পোস্টে। অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

বিপরীত প্রান্তেও একই হতাশায় পুড়তে হয় পাকিস্তানকে। আধঘণ্টা পেরোনোর পর বাংলাদেশের রক্ষণে তারিক কাজীর মার্কিংয়ের দুর্বলতার সুযোগ নেন সামাদ। ফাঁকায় বল পেয়ে তার নেওয়া শটও ফিরে আসে পোস্টে লেগে। ফলে দুই দলই সুযোগ তৈরি করেও গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে কিছুটা ধার বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। রাকিবের একটি ভালো শট পাকিস্তানের ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়। এরপর শুকি ইতোসোফার কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল শমিতের। তবে তার আগেই বল বিপদমুক্ত করেন পাকিস্তানের আব্দুল্লাহ।

গোলের খোঁজে ঘণ্টাখানেক পর আক্রমণভাগে পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। শুকিকে তুলে নামান মোহাম্মদ ইব্রাহিমকে। পাকিস্তানও আব্দুল্লাহর জায়গায় মাঠে পাঠায় নাজিবউল্লাহকে। কিছুক্ষণ পর রহমত মিয়ার জায়গায় রাইটব্যাক হিসেবে নামেন বিশ্বনাথ ঘোষ।

এর মধ্যে ফারহানও একবার দারুণ শটে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অবশ্য পরে অফসাইডের পতাকা ওঠে তার বিপক্ষে।

ম্যাচের শেষ ভাগে আবারও বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় পাকিস্তান। বক্সের ঠিক বাইরে হামজার ফাউলে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় তারা। সেই ফ্রি-কিক থেকে নেওয়া শট বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন শ্রাবন। কিছুক্ষণ পর হামজাও গুরুত্বপূর্ণ একটি ক্লিয়ারেন্স করে দলকে বিপদমুক্ত করেন।

তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে সামাদের শটে পরাস্ত হন শ্রাবন। পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও জাল খুঁজে না পাওয়া বাংলাদেশই তখন পড়ে যায় সবচেয়ে বড় বিপদে।

শেষ দিকে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। বাংলাদেশের পিছিয়ে পড়ার হতাশার মধ্যেই উত্তেজিত দর্শকদের কেউ কেউ মাঠের মধ্যে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

গ্যালারির সেই বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই মাঠে দেখা যায় আরেক অপ্রীতিকর দৃশ্য। একেবারে অন্তিম মুহূর্তে দুই দলের খেলোয়াড়েরা উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তা প্রায় হাতাহাতিতে গড়ায়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ