
যায়যায়কাল প্রতিবেদক: পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে সংঘর্ষের ঘটনায় যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন দেশটির কয়েকজন কট্টর ডানপন্থী রাজনীতিক ও অভিবাসনবিরোধী নেতা।
স্থানীয় সময় সোমবার রাতে চ্যাডওয়েল হিথ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয় বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে লন্ডনের একটি আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও মারামারির দৃশ্য দেখা যায়। এসব ভিডিওকে কেন্দ্র করে যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিক ও অভিবাসনবিরোধী প্রচারকের প্রতিক্রিয়া সামনে এসেছে।
বহিষ্কারের হুঁশিয়ারি নাইজেল ফারাজের
যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ সংঘর্ষের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের উচ্ছৃঙ্খল দলগুলো এমন একটি রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই।’
তিনি আরও লেখেন, ‘আমরা আমাদের সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করেছি এবং এখন তাদের নিজেদের মধ্যকার সংঘাত আমাদের রাস্তায় ঘটতে দেখছি। ব্রিটেন ভেঙে পড়েছে। আমাদের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসে এমন যেকোনো বিদেশি নাগরিককে রিফর্ম বহিষ্কার করবে।’
রিফর্ম ইউকের হোম অ্যাফেয়ার্সবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফও সংঘর্ষের ভিডিও শেয়ার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের প্রতিবেদনে তাঁর প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে।
জিয়া ইউসুফ এ ঘটনার জন্য যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির অভিবাসননীতিকে দায়ী করেন। তাঁর ভাষ্য, ‘বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে বাংলাদেশি পুরুষেরা পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। টোরি ও লেবার পার্টির নিয়ন্ত্রণহীন ব্যাপক অভিবাসননীতি ব্রিটিশ জনগণকে এই পরিস্থিতি উপহার দিয়েছে।’
নিজ দলের প্রতি সমর্থন চেয়ে তিনি লেখেন, ‘ব্রিটেনের রিফর্ম প্রয়োজন।’
একই সুরে রিস্টোর ব্রিটেনের নেতা
অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লোও সংঘর্ষের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। তাঁর দাবি, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়েছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এ ঘটনায় জড়িত সবাইকে বহিষ্কার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী অ্যাকটিভিস্ট টমি রবিনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার অন্তত দুটি ভিডিও প্রকাশ করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘গত রাতে লন্ডনের হ্যাভারিং বরোর রমফোর্ডে বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে রাস্তায় সহিংস সংঘর্ষ হয়েছে।’
ওই পোস্টে বাংলাদেশিদের উদ্দেশে অবমাননাকর ভাষা ব্যবহার করে তাঁদের ফেরত পাঠানোর দাবি জানান তিনি। অন্য একটি পোস্টে ব্যঙ্গাত্মকভাবে ‘আধুনিক লন্ডন’ উল্লেখ করে লেখেন, ‘গত রাতের আরও ভিডিও, যেখানে বাংলাদেশিরা নিজ দেশের রাজনীতি নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। তাদের ধরে ফেরত পাঠিয়ে দিন।’
স্থানীয় সংসদ সদস্যের কঠোর প্রতিক্রিয়া
সংঘর্ষের ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
তিনি লেখেন, ‘চ্যাডওয়েল হিথে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। স্থানীয় বাসিন্দাদের শান্তি ও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।’
এ বিষয়ে কোনো উদ্বেগ থাকলে স্থানীয় বাসিন্দাদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেল স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে জানিয়েছেন, সংঘর্ষের ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকায় ঘটেনি। চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও এক্সে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘গত রাতে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়েছে। এভাবে চলতে পারে না। আপনি যদি এই দেশে আসেন, তাহলে বিদেশের বিবাদ পেছনে ফেলে আসতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের বিরুদ্ধে প্রচারণা
ব্রিটিশ রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও সংঘর্ষের ভিডিও ছড়িয়ে বাংলাদেশিদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।
‘জিবি পলিটিকস’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয়, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার জেরে বাংলাদেশি অভিবাসীরা রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়িয়েছেন। জাস আথওয়াল ও কেটি ল্যামসহ একাধিক রাজনীতিক এবং বিভিন্ন অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।
‘ব্যাসিল দ্য গ্রেট’ নামের আরেকটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে একই ধরনের অভিযোগ তোলা হয়। সেখানে অশালীন ভাষা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
ব্যক্তির অপরাধের দায় পুরো জনগোষ্ঠীর নয়
এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের মধ্যে কারা ব্রিটিশ নাগরিক, কারা স্থায়ী বাসিন্দা এবং কারা অন্য কোনো অভিবাসন মর্যাদায় যুক্তরাজ্যে বসবাস করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে তাঁদের সবার বিরুদ্ধে বহিষ্কারের দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে লন্ডনের রাস্তায় সংঘটিত এ সংঘর্ষ এখন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতির আলোচনায় জায়গা করে নিয়েছে। কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো বাংলাদেশি জনগোষ্ঠীকে লক্ষ্য করে মন্তব্য ও বহিষ্কারের দাবি তোলার প্রবণতাও দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, কোনো সংঘর্ষ বা অপরাধের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও দায় নির্ধারণের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তদন্ত ও আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে দায়ী করা সামাজিক বিভাজন ও বিদ্বেষ বাড়াতে পারে।











