শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সোনার দামে বড় পতন, এক মাসে ভরিতে কমল ২৮ হাজার ৫০৮ টাকা

যায়যায়কাল প্রতিবেদক: দেশের বাজারে টানা কমছে সোনার দাম। চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই দাম কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

সোনার দাম দ্রুত কমতে থাকায় ক্রেতাদের মধ্যে অলংকার কেনার আগ্রহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, গত এক বছরে বেশি দামে সোনা কিনেছেন এমন অনেক ক্রেতা এখন লোকসানের আশঙ্কায় রয়েছেন।

বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়ায় ৩ হাজার ৫৭০ ডলারে। গত বছরের সেপ্টেম্বরের পর বিশ্ববাজারে সোনার দাম এত নিচে নামেনি।

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন?

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

ডেনমার্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমছে। এর প্রভাবেই মূল্যবান ধাতু দুটির দাম নিম্নমুখী।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকে ধীরে ধীরে দাম কমতে থাকে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বেড়েছে।

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার নতুন দাম

দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আটবার কমেছে এবং তিনবার বেড়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে প্রতি ভরি রুপার দাম কমেছে ৩৫০ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের সোনার দাম হলো—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

স্বাধীনতার পর ১৭০ টাকা থেকে সোনার দাম ২ লাখ টাকা

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় প্রতি ভরি সোনার দাম ছিল মাত্র ১৭০ টাকা। দীর্ঘ সময়ের ব্যবধানে সেই দাম বেড়ে কয়েক লাখ টাকায় পৌঁছেছে। গত জানুয়ারিতে দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি ভরি প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরবর্তী পাঁচ বছরে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়। ২০১০ সালে প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ১৬৫ টাকা।

২০১৫ সাল পর্যন্ত দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও পরবর্তী পাঁচ বছরে প্রতি ভরিতে দাম বাড়ে ২৬ হাজার ৮৫২ টাকা। করোনাভাইরাস মহামারির পর বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে শুরু করে। ২০২৩ সালের ২১ জুলাই দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো এক লাখ টাকা অতিক্রম করে। গত বছরের অক্টোবরে তা দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে।

সোনার দাম কমায় ব্যবসা বাড়ার প্রত্যাশা

দীর্ঘদিন ধরে সোনার উচ্চমূল্যের কারণে দেশের জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছিল। তবে সাম্প্রতিক দরপতনে ক্রেতাদের আগ্রহ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে সামনে বিয়ের মৌসুম থাকায় সোনার অলংকারের বিক্রি বাড়তে পারে বলে তাঁদের প্রত্যাশা।

জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, বিশ্ববাজারে দীর্ঘদিন ধরে সোনার দাম অতিমূল্যায়িত ছিল। প্রতি আউন্স সোনা খনি থেকে উত্তোলনে খরচ হয় প্রায় ২ হাজার ২০০ ডলার। এর সঙ্গে এক হাজার ডলার মুনাফা যোগ করলে দাম ৩ হাজার ২০০ ডলারের কাছাকাছি হওয়া উচিত।

তিনি বলেন, বর্তমানে মূলত সোনার বাজারে মূল্য সংশোধন হচ্ছে। বিশ্ববাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমে যাওয়ায় সোনার দাম আবার বাড়তে সময় লাগতে পারে।

সামনে বিয়ের মৌসুম এবং দীর্ঘদিন পর সোনার দাম কমে আসায় দেশের বাজারে অলংকারের বেচাকেনা বাড়বে বলে প্রত্যাশা করছেন এই ব্যবসায়ী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ