বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাজার করে ফিরে দরজা খুলতে না পেরে ভাঙতে হলো ঘর, সহকারী অধ্যাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: সন্ধ্যায় বাসায় ফেরার পথে স্ত্রীকে ফোনে বাজার করে আনতে বলেছিলেন ছন্দা শর্মা কান্তা। স্ত্রীর কথা অনুযায়ী বাজার করে রাত আটটার দিকে বাসায় ফেরেন স্বামী মলয় কান্তি শর্মা। কিন্তু বাসার দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করেও স্ত্রীর কোনো সাড়া পাননি তিনি। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।

সোমবার রাতে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে। নিহত ছন্দা শর্মা কান্তা (৩৭) চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

এ ঘটনায় মঙ্গলবার বেলা তিনটার দিকে খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের বড় ভাই মনোজ শর্মা। তাঁর লিখিত বক্তব্যে ঘটনার বিবরণ উঠে এসেছে।

মামলার নথি অনুযায়ী, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে বাসায় ফিরছিলেন মলয় কান্তি শর্মা। এ সময় স্ত্রী তাঁকে বাসার জন্য বাজার করে আনতে বলেন। বাজার শেষে রাত আটটার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ পান তিনি। বেশ কয়েকবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

৯৯৯-এ ফোন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নিহতের বড় ভাই মনোজ শর্মা লিখিত বক্তব্যে জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে তিনি বোনের ঘটনার খবর পান। পরে ছোট ভাই রাজেশ শর্মাকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১৩ বছরের সংসার, সন্তান ছিল না

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, প্রায় ১৩ বছর আগে মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দা শর্মা কান্তার বিয়ে হয়। মলয় একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। তাঁরা দক্ষিণ খুলশীর চৌধুরী ভিলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তাঁদের কোনো সন্তান ছিল না।

নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়।

ছন্দার মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে থানায় দেওয়া লিখিত বক্তব্যে জানিয়েছেন তাঁর বড় ভাই মনোজ শর্মা।

যা বলছে পুলিশ

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ