
উত্তম দাস , খুলনা: খুলনার সোনাডাঙ্গায় ‘আমাদের স্বপ্ন: সবার জন্য জ্বালানি ন্যায়বিচার’ শীর্ষক একটি যৌথ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতাকাল সোমবার ধ্রুব, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর আয়োজনে প্রচারাভিযান পরিচালিত হয়। যার লক্ষ্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।
অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে। যা মানবজাতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। সোলার এবং উইন্ড পাওয়ারের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশবান্ধব এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের পথ প্রশস্ত করতে পারে।
অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা সরকার, বেসরকারি খাত এবং জনগণের মধ্যে সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেন। যাতে জ্বালানি খাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়। পাশাপাশি তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হতে পারে।
ধ্রুব নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী জানান, এই প্রচারাভিযানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই তাদের লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ খুলনায় নবায়নযোগ্য জ্বালানির গ্রহণযোগ্যতা বাড়াতে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।
প্রচারাভিযানের অংশ হিসেবে একটি র্যালি এবং সেমিনারের আয়োজন করা হয়, যেখানে ছাত্র, শিক্ষক, পরিবেশবিদ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সেমিনারে নবায়নযোগ্য জ্বালানির সুবিধা এবং বাস্তবিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই প্রচারাভিযানের মাধ্যমে, ধ্রুব , ক্লিন এবং বিডব্লিউজিইডি- একত্রে নবায়নযোগ্য জ্বালানি প্রচার এবং সবার জন্য জ্বালানি ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা আরও ঘোষণা করেছে যে, দেশের জ্বালানি খাতকে আরও টেকসই এবং পরিবেশবান্ধব করতে ভবিষ্যতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিলি বারুই, এনজিও কর্মী ও বিশিষ্ট সমাজ সেবিকা বিপ্লবী দাস, কবি ও সাহিত্যিক লাভলী, জোসনা, এনজিও কর্মী প্রিয়াঙ্কা বৈরাগী, স্বপন দাস সহ আরো অনেকে।











