বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিডিএ চেয়ারম্যানের কাছে আনোয়ারা ফাউন্ডেশনের ১৭ দফা স্মারকলিপি

আনোয়ারা-কর্ণফুলীতে ভূমি অধিগ্রহণে কৃষিজমি সংরক্ষণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি

মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পরিকল্পিত ভূমি অধিগ্রহণ, হুকুম দখল, নগরায়ন ও আবাসিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণ, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আনোয়ারা ফাউন্ডেশন।

এ দাবিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের কাছে ১৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চলগুলোর অন্যতম। এ অঞ্চলে পরিকল্পিত উন্নয়নকে স্বাগত জানালেও উন্নয়নের নামে ক্রমাগত কৃষিজমি বিলীন, মানুষের জীবিকা বিনষ্ট, জলধারা ও খাল ভরাট এবং ভূমি হারানো পরিবারগুলোর আবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে আরও বলা হয়, আনোয়ারার বড়উঠান, চাতরী, বৈরাগ ও বারখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাত হাজার একরের বেশি জমি অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সিডিএ। এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ, কৃষি, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি।

আনোয়ারা ফাউন্ডেশনের নেতারা বলেন, শুধু জমি অধিগ্রহণ করে প্লট তৈরি করলেই পরিকল্পিত নগর গড়ে ওঠে না। একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, সড়ক, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খেলার মাঠ এবং পর্যাপ্ত উন্মুক্ত স্থান নিশ্চিত করতে হবে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খসড়া মহাপরিকল্পনা প্রণয়নে স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় কৃষিজমি, পরিবেশ, জলাধার, খাল, নাগরিক সুবিধা ও স্থানীয় মানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, লেখক ও গবেষক জামাল উদ্দিন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ, সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী, সহসভাপতি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, যুগ্ম সম্পাদক পরিমল দত্ত, দপ্তর সম্পাদক যীশু দাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারুন, প্রকাশ সরকার, জসিম উদ্দিন ও সাজু দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ