
মোঃ আশরাফুল ইসলাম, গাজীপুর: গাজীপুর মহানগরীতে সরকারি কর্মচারীর পরিচয়ে প্রতারণা, জাল কাগজপত্র তৈরি এবং চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে মো. রুবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
মঙ্গলবার (১ জুলাই) জিএমপির উপ-পুলিশ কমিশনার (মহানগর গোয়েন্দা-দক্ষিণ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার রুবেল খাঁ ঝিনাইদহ সদর উপজেলার টিকারী (টিকারী বাজার ফোরসান্দি) এলাকার মো. আবু বকর খাঁর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোডে ভাড়া বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিরস্ত্র) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে রুবেল খাঁকে আটক করে। পরে তার ভাড়া করা কক্ষ তল্লাশি করে বিভিন্ন জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে পাঁচটি চোরাই মোটরসাইকেল, একটি মোটরসাইকেলের মাস্টার-কি, পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, পুলিশের ব্যবহৃত ভেস্ট, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তলের কভার, শোল্ডার লাইট, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, হেলমেট এবং স্পেশাল ব্রাঞ্চের পরিচয় ব্যবহার করে তৈরি দুটি ভুয়া পরিচয়পত্র।
এ ছাড়া বিআরটিএর পাঁচটি জাল সিলমোহর, ১১টি জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, আটটি ভুয়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত পরিশোধ সনদ, একটি জাল অ্যাকনলেজমেন্ট স্লিপ, একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭টি স্টিকার, ‘এসআই/রুবেল খাঁ’ লেখা ১২টি ভিজিটিং কার্ড, একটি অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র, একটি প্রেস মাইক্রোফোন, নয়টি গ্রামীণফোন সিম ও দুটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল খাঁ স্বীকার করেছেন যে তিনি কোনো সরকারি কর্মচারী নন। দীর্ঘদিন ধরে পুলিশ ও বিআরটিএর নামে জাল সরঞ্জাম ও সিলমোহর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে তিনি জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে টাঙ্গাইল সদর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।











