রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে বাংলাদেশ সাংবাদিক সমিতির ১১ সদস্যের কমিটি ঘোষণা

প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি একই বৈশিষ্ট্যের সংগঠন নয়: বাসাস মহাসচিব

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সৈনিক হোটেলের মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবগঠিত এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত বাংলাদেশ সাংবাদিক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি একই বৈশিষ্ট্যের সংগঠন নয়। দুটি সংগঠনের উদ্দেশ্য, কর্মপরিধি ও কার্যক্রমের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’

তিনি বলেন, প্রেসক্লাব মূলত সাংবাদিকদের মিলনকেন্দ্র, পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার একটি প্ল্যাটফর্ম। অন্যদিকে সাংবাদিক সমিতি সাংবাদিকদের পেশাগত অধিকার, স্বার্থ সংরক্ষণ, কল্যাণ, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করে।

‘একটি প্রেসক্লাব থাকা মানেই সাংবাদিকদের সব ধরনের পেশাগত অধিকার আদায়ের জন্য আলাদা কোনো সংগঠনের প্রয়োজন নেই—এমন ধারণা সঠিক নয়। বরং দুটি সংগঠন নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সাংবাদিক সমাজ আরও শক্তিশালী হতে পারে,’ বলেন তিনি।

মনিরুজ্জামান চৌধুরী আরও বলেন, সংগঠন গড়ে তোলার মূল উদ্দেশ্য সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা নয়; বরং ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পরিবেশ তৈরি করা। এক সংগঠন অন্য সংগঠনের প্রতিদ্বন্দ্বী না হয়ে পরিপূরক হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি ১৯৬১ সাল থেকে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় নবীনগর উপজেলা শাখার আত্মপ্রকাশ একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।’

নবগঠিত শাখাটি সাংবাদিকদের অধিকার আদায়, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের ব্যক্তিগত স্বার্থ ও সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হিসেবে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাসের, বাসাস মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও মুরাদনগর টিভির সম্পাদক এন এ মুরাদ, আব্দুল হাই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক ও সমাজসেবক মাওলানা মো. সানাউল্লাহ, নবীনগর বার লাইব্রেরির সভাপতি অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, নবীনগর মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন নাগ এবং জেলা অংকুর স্টুডিওর সভাপতি আনিসুল হক রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কমিটিতে যারা

বাংলাদেশ সাংবাদিক সমিতি নবীনগর উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি করা হয়েছে দৈনিক সমকালের প্রতিনিধি মাহবুব আলম লিটনকে। সহসভাপতি হয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি (একাংশ) শাহীন রেজা টিটু। সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

সহসাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার। সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের সময়ের আশরাফুল হক, দপ্তর সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান কাজল এবং কোষাধ্যক্ষ পূর্বাঞ্চলের নূরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা।

সমাজসেবা সম্পাদক হয়েছেন পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সম্পাদক ও দৈনিক আগামীর সময়ের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গ্রীন টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ বাবুল, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মো. খলিলুর রহমান এবং পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা নবকণ্ঠের প্রতিনিধি মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে সাংবাদিক হুমায়ুন কবির, মো. রহমত হোসেন, সোহেল খান, আবু মোসা, এম সালমান জমদ্দার, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, মো. মনির হোসেন, সফর আলী, রোহান আহমেদ, মো. রাজন, আব্দুল্লা আল মতিন ও রুবেল ভূঁইয়াসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার আদায় এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

নবগঠিত কমিটির সদস্যরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নবগঠিত কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ