
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
জরুরি ভিত্তিতে এ বিদ্যালয়গুলো মেরামত, সংস্কার ও নতুন ভবন নির্মাণ একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তা না হলে যে কোনো সময় ভবন ধসে পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
অপরদিকে ৪৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ এবং সহকারী শিক্ষকের ৬১ শূন্যপদ থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও পাঠদানে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সোনাইমুড়ীতে ১২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ১৩টি বিদ্যালয়ের ভবন জীর্ণশীর্ণ। বিদ্যালয়গুলো হচ্ছে কালিকাপুর, নোয়াগা, পাচারগা, নজুরপুর, উত্তর রসুলপুর, আমিরাবাদ, পতিশ, সাকতলা, আফিয়া, পূর্ব কাঁঠালি, ফারাই নগর, বোস কামতা, বগাদিয়া ও উত্তর বগাদিয়া।
প্রধান শিক্ষকের ৪৭টি পদ শূন্য রয়েছে, সহকারী শিক্ষকের ৬৭২টি পদের মধ্যে ৬১টি পদ শূন্য রয়েছে। উপজেলায় ১২২টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫ শত ২০ জন। উপজেলা শিক্ষা অফিসের ৮টি পদের মধ্যে ২টি পদ শূন্য রয়েছে। এতে করে দাপ্তরিক কাজকর্মের সমস্যা দেখা দিচ্ছে। মাত্র ২ জন সহকারী শিক্ষা অফিসারের পক্ষে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১২২টি বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হচ্ছে না।
এই ব্যাপারে সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, এ সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপ নেয়নি।
স্থানীয় এলাকাবাসী এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।











