বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ ধাপে হবিগঞ্জের ৭৬ ইউনিয়নে ভোট: কোন উপজেলায় নির্বাচন কবে?

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার মোট ৭৬টি ইউনিয়নে চারটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত ধাপভিত্তিক তালিকা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার নির্বাচনী কার্যক্রম শুরু হবে এবং ১৩ মে চতুর্থ ধাপের ভোটের মাধ্যমে তা শেষ হবে।

ইসি সূত্রে জানা গেছে, দেশব্যাপী পাঁচ ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হলেও হবিগঞ্জ জেলার নির্বাচন প্রথম চার ধাপেই সম্পন্ন হবে। পঞ্চম ধাপে (২৭ মে) এ জেলার কোনো উপজেলা অন্তর্ভুক্ত নেই।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে জেলার তিনটি উপজেলার ২৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে হবিগঞ্জ সদর উপজেলার ৮টি, লাখাই উপজেলার ৬টি এবং মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন।

৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে হাওরাঞ্চল অধ্যুষিত আজমিরীগঞ্জ উপজেলার ৫টি এবং বানিয়াচং উপজেলার ১৫টিসহ মোট ২০টি ইউনিয়নে ভোট হবে।

২৯ এপ্রিল তৃতীয় ধাপে নবীগঞ্জ উপজেলার ১৩টি এবং বাহুবল উপজেলার ৭টিসহ মোট ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ১৩ মে চতুর্থ ধাপে চুনারুঘাট উপজেলার ১০টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার ১টিসহ মোট ১১টি ইউনিয়নে ভোটগ্রহণের মাধ্যমে জেলার ইউপি নির্বাচন শেষ হবে।

ইসির রোডম্যাপ অনুযায়ী, প্রতিটি ধাপের ভোটগ্রহণের প্রায় ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। সে হিসেবে প্রথম ধাপের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হওয়ার কথা রয়েছে।

এদিকে, জেলার বিভিন্ন উপজেলার নির্বাচনী মাঠ পর্যালোচনা করে দেখা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে পুরনো প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখের আগমন ঘটতে যাচ্ছে। বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তবে সরাসরি মাঠের গণসংযোগের চেয়ে সম্ভাব্য প্রার্থীদের বড় একটি অংশ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রচারণায় বেশি ভরসা রাখছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণ ও যুবকদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। নবীন প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে নিজেদের পরিচিতি বাড়িয়ে নিচ্ছেন, আর প্রবীণ প্রার্থীদের মধ্যে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা বেশ চাপে রয়েছেন; ফলে দলটির পরিচিত মুখের চেয়ে নতুন বা স্বতন্ত্র পরিচয়ে প্রার্থীদের আনাগোনাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে মাঠ গোছানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ