বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে প্রতিবেদনটি প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’-এর কাছে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’-এর ১২এ ধারার আওতায় এ নোটিশ পাঠানো হয়েছে।

জামায়াতের দাবি, প্রতিবেদনে সাতটি বক্তব্য ও ইঙ্গিত মানহানিকর। নোটিশে সংশ্লিষ্ট বক্তব্য সংশোধন, প্রতিবেদন প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ-সংক্রান্ত নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

প্রতিবেদনে যেসব অভিযোগ

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের সফরে গত শুক্রবার সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। তাঁর সফরের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমন একটি আবেদন করে তাঁর ভিসা বাতিলের আহ্বান জানান।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, শফিকুর রহমান গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরও তাঁকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা জানিয়েছিলেন তিনি।

এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি। তাঁর দাবি, শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের হামলার বিরোধী।

প্রতিবেদনে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে শফিকুর রহমানের একটি পোস্টের কথাও বলা হয়েছে। এর জবাবে জামায়াত দাবি করেছে, ওই পোস্টটি শফিকুর রহমানের লেখা নয়; তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে সেটি প্রকাশ করা হয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।

প্রতিবেদন প্রকাশের আগে যোগাযোগ করা হয়নি: জামায়াত

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও শফিকুর রহমান কোনো সাড়া দেননি। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, প্রতিবেদন প্রকাশের আগে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাঁর মতে, এটি সাংবাদিকতার মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।

দলটির দাবি, প্রতিবেদনটির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি রেমন্ড সলোমনের ভিসা বাতিলের আবেদন। সলোমন শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের রচয়িতা ও পরিচালক হলেও প্রতিবেদনে তাঁর এই পরিচয় উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী দেয়নি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রেমন্ড সলোমনের আবেদনে শফিকুর রহমানের সঙ্গে ইরানের সম্পর্ক এবং তাঁর কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলার বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রেলিয়া সফরকালে শফিকুর রহমান সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের একটি সমাবেশে এবং চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে সিডনি ত্যাগ করেন জামায়াতের আমির শফিকুর রহমান। জরুরি প্রয়োজনের কথা জানিয়ে তাঁর পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফরও বাতিল করা হয়।

বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স হতে পারে না। প্রতিবেদনটি প্রত্যাহার, শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং সংশোধনীসহ প্রকাশ্যে ক্ষমা না চাইলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ