
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ: এলাকায় অস্থিতিশীলতা ও সন্ত্রাস-নৈরাজ্য রুখতে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে ৩২ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে নির্বাচনী এলাকা মাধবপুরে ফিরে তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।
দুপুর সাড়ে ১২টার দিকে এমপি ফয়সল মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষেই এলাকায় ফিরে এসেছি। মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপ্রিয় এ দুই উপজেলায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।”
এ সময় তিনি দলের সবাইকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার নির্দেশ দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে উপজেলা পরিষদে সংসদ সদস্যের সভাকক্ষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত ৩২ জন রোগীর হাতে এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকার চেক তুলে দেন তিনি। সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হয়।
চেক বিতরণকালে এমপি ফয়সল বলেন, “অসুস্থতা একটি পরিবারের জন্য বড় আর্থিক ও মানসিক সংকট। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার আন্তরিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও।” ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, ইউপি সদস্য মো. আরজু মিয়া, সৈয়দ মোহাম্মদ জাবেদ ও মীর খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











