
যায়যায়কাল প্রতিবেদক: লাইসেন্স বাঁচাতে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে—স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনে এমন দাবি অস্বীকার করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
সোমবার বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ প্রমাণ করার আহ্বান জানান।
মহিউদ্দিন বলেন, ‘আমি কেন তার (স্বাস্থ্যমন্ত্রী) পেছনে টাকা নিয়ে ঘুরবো! যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন, তাকেই সেটি প্রমাণ দিতে হবে। আমি টাকা নিয়ে ঘুরিনি।’
এর আগে শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, কোনো টাকার প্রতি লোভ হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’
মহিউদ্দিন আরও জানান, গত মাসে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার আপিল করবে।
হাসপাতালের অবকাঠামোগত ত্রুটি সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, জানান তিনি।










