রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬৯ শ্রমিক উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের ডেকেরচালা ফকির মার্কেট এলাকায় ‘মেট্রিক্স’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা, কারখানা শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তার জন্য ছাদে নিয়ে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট নয়টি ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে এ ঘটনায় কোনো শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজন শ্রমিকের শ্বাসকষ্ট দেখা দেয় বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেউদ্দিন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয়। মোট নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, কারখানার ভেতরে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো শ্রমিক আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসকষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে যাওয়ার সড়কটি খারাপ থাকায় তাদের কিছুটা সময় বেশি লেগেছে। পাশাপাশি পানির সংকটের কারণেও আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দায়িত্বশীলতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন লাগার প্রকৃত কারণ বা সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ