
আক্কাস আলী, সিরাজগঞ্জ: আগামী দুই বছরের মধ্যে জেলার ছানি আক্রান্ত মানুষের চিকিৎসা নিশ্চিত করে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে সরকার।
এ উদ্যোগ সফল করতে অন্তত ৫০ হাজার বিনামূল্যের ছানি অপারেশন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে বৃহৎ পরিসরের চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রীর দেওয়া পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলার স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, জেলার প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীনতার সমস্যায় ভুগছেন বলে জরিপে উঠে এসেছে। তাদের মধ্যে ২৬ হাজারের ক্ষেত্রে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে প্রতি মাসে দুই হাজারের বেশি অস্ত্রোপচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ কর্মসূচির পরিধি শুধু ছানি অপারেশনে সীমাবদ্ধ থাকবে না। জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে চক্ষু পরীক্ষা কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষকে পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে চশমা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একদিকে মানুষের কাছে চিকিৎসা ও চোখের লেন্স পৌঁছে দেওয়ার কাজ চলছে, অন্যদিকে একটি পক্ষ সহিংসতা ও ভাঙচুরের রাজনীতি করছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার এবং অনির্বাচিত শক্তির কর্মকাণ্ডের মধ্যে এখানেই পার্থক্য বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় পর্যায়ে চক্ষু চিকিৎসার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের দুই কোটি সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবার আওতায় আনার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে এক কোটি মানুষের মধ্যে চশমা বিতরণ এবং ১০ লাখ মানুষের ছানি অপারেশনের পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। বর্তমান সরকার হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়েই উন্নত চিকিৎসার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালু করতে ১৭টি রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
সিরাজগঞ্জের এ বিশেষ উদ্যোগ বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করছে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা কর্মসূচিটিতে যুক্ত হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই প্রায় দেড় হাজার মানুষ চক্ষু পরীক্ষা করিয়েছেন।











