সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১,৩৪৪, নিখোঁজ প্রায় ৪,৯০০

ধ্বংসস্তূপের নিচে ১০ দিন পর জীবিত উদ্ধার আরও দুজন

যায়যায়কাল ডেস্ক: ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ দিন পর নেপালে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার উদ্ধার হওয়া দুজনের মধ্যে একজন চীনা নাগরিক এবং অন্যজন ৬৪ বছর বয়সী এক নারী।

এদিকে দুর্যোগের পর এখনো প্রায় ৪ হাজার ৯০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া চীনা নাগরিকের নাম লুহাইতাও। তাকে আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলের ভেতর থেকে উদ্ধার করা হয়। টানেলের প্রায় ২২৫ মিটার ভেতরে আটকা ছিলেন তিনি। নেপাল সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল তাকে জীবিত অবস্থায় বের করে আনে। পরে তার শারীরিক পরীক্ষা করা হয়।

এর কয়েক ঘণ্টা পর নুওয়াকোটের বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি ভবনের ওপরের তলা থেকে চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনীর একটি দল। ৬৪ বছর বয়সী চণ্ডিকাকে ১০ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ত্রিশূলীর একটি সেনা ব্যারাকে নেওয়া হয়।

এর একদিন আগে আপার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে নেপালের দুই শ্রমিক সঞ্জয় সাহ ও কবির মহারজনকে জীবিত উদ্ধার করা হয়। তারা সেখানে নয় দিন ধরে আটকা ছিলেন। সকাল ৯টার দিকে সঞ্জয়কে এবং প্রায় ২০ মিনিট পর কবিরকে উদ্ধার করা হয়। টানেলের প্রায় ৪০ মিটার ভেতরে তারা আটকা পড়েছিলেন।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে ভয়াবহ ধসের পর বোটেকোশি নদীতে সুনামির মতো পানির ঢল নামে। নেপাল-তিব্বত সীমান্তের কাছে রাসুয়া এলাকায় ওই প্রবল স্রোত পানি, কাদা ও ধ্বংসাবশেষ নিয়ে নেমে এসে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এতে বসতি, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হওয়ার পাশাপাশি শত শত শ্রমিক বিভিন্ন টানেলের ভেতরে আটকা পড়েন।

আপার ত্রিশূলী-৩এ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযান চালিয়ে একটি মরদেহও উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আর কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। সশস্ত্র পুলিশ জানিয়েছে, তারা টানেলের সব অংশে পৌঁছেছে। বিভিন্ন অংশে কাদা, মাটি, পলি, পাথর ও ধসে পড়া কংক্রিটের স্ল্যাব পাওয়া গেছে। ভেতর থেকে আর কোনো মানুষের আওয়াজও শোনা যায়নি।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দুর্যোগে ১ হাজার ৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪ হাজার ৮৯৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ৮ হাজার ৬৩১ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ৩ হাজার ৬৫৫ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৫০১টি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ১ হাজার ২৬০ জন মৃত ব্যক্তির ডিএনএ নমুনা এবং ৯৭২ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে নিখোঁজদের পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের চেষ্টা চলছে।

বন্যায় নেপালের ১১টি জলবিদ্যুৎ প্রকল্প ও একটি সৌরবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় কর্মরত শ্রমিকসহ মোট ৯৪২ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

রাসুওয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পে এখনো ৯৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রকল্পটির ৫১ জন নিয়মিত কর্মী, একজন বোর্ড সদস্য, দুজন দৈনিক মজুর এবং তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ৩৯ জন কর্মী রয়েছেন।

উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনীর সঙ্গে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারী দল কাজ করছে। একই সঙ্গে ৫০০-এর বেশি প্রকৌশলী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উদ্ধারকারীদের সহযোগিতা করছেন। তারা টানেলের নকশা, বিদ্যুৎকেন্দ্রের বিন্যাস এবং নিখোঁজ শ্রমিকদের তথ্য উদ্ধারকারী দলকে সরবরাহ করছেন।

নেপাল সরকার উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন, লিডার (LiDAR), গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার, শক্তিশালী পানি নিষ্কাশন পাম্প, ডিএনএ পরীক্ষার কিট এবং বেইলি ব্রিজসহ বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম চেয়েছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে অবকাঠামো, বসতি, সেতু, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৮৭.৫৪ বিলিয়ন নেপালি রুপি, যা প্রায় ১.৮ বিলিয়ন পাউন্ড।

দুর্যোগে নিহতদের স্মরণে নেপাল সরকার ৭ সেপ্টেম্বর জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। ওই দিন সরকারি অফিস ও নেপালের কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত নিরাপত্তাকর্মী ও সরকারি কর্মচারীদের অতিরিক্ত ভাতা এবং দায়িত্ব পালনের সময় আহত হলে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ