বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

যায়যায়কাল প্রতিবেদক: ডলারের বিনিময়মূল্য বাড়তে থাকায় ব্যাংকগুলো নগদে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো নগদে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বিলস ফর কালেকশন (বিসি) বিক্রয় হারের বেশি দাম নিতে পারবে না।

বিসি হার হলো পণ্য আমদানি বা ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক ডলারের যে বিক্রয়মূল্য নির্ধারণ করে।

বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকগুলো প্রতি মার্কিন ডলারের বিপরীতে বিসি বিক্রয় হার নির্ধারণ করছে ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা। তবে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে এ হারের চেয়ে এক থেকে দেড় টাকা বেশি নিচ্ছে ব্যাংকগুলো। ফলে ব্যাংকে নগদ ডলারের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১২৬ থেকে ১২৭ টাকা। অন্যদিকে খোলাবাজারের মানি চেঞ্জারগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৮ টাকায়। ব্যাংকে নগদ ডলারের দাম বাড়ার প্রভাব পড়ছে খোলাবাজারেও।

এ পরিস্থিতিতে ব্যাংকগুলোর নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ দামের সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) ক্লিন, টিটি ডকুমেন্ট এবং ওডি (অন ডিমান্ড) সাইট রেট ব্যবহার করে। অন্যদিকে বিক্রির ক্ষেত্রে প্রধানত বিসি রেট অনুসরণ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার জন্য আপনাদের জানানো যাচ্ছে যে, নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ বিনিময় হার বিসি বিক্রয় হার হতে পারবে।’

এ নির্দেশনা বাস্তবায়নে সব অনুমোদিত ডিলার (এডি) শাখাকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত বিদেশ ভ্রমণকারী, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য বিদেশগামী রোগীরা ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস থেকে নগদ বৈদেশিক মুদ্রা কেনেন। নতুন সিদ্ধান্তের ফলে এসব গ্রাহককে নগদ ডলার কিনতে আগের তুলনায় কম দাম দিতে হতে পারে।

তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্যাংকারদের কেউ কেউ। নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের জন্য এ সিদ্ধান্ত ভালো হয়নি।

তিনি বলেন, ব্যাংকগুলো মূলত ভ্রমণকারীদের কাছ থেকে এবং আরও কয়েকটি উৎস থেকে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। ফলে তাদের হাতে নগদ ডলারের পরিমাণ সীমিত থাকে। নতুন নির্দেশনা ব্যাংকগুলোর ওপর চাপ তৈরি করবে। কারণ, খোলাবাজারে ডলারের বিনিময় হার ব্যাংকগুলোর জন্য নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ