শনিবার, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড

যায়যায়কাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড।

শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড।

যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি সৃষ্টি হয় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার পর। মার্কিন কংগ্রেস এই পদ সৃষ্টি করে। মার্কিন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ এটি।

ডোনাল্ড ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন।

পদত্যাগ করতে চান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসী গ্যাবার্ড বলেছেন, ‘দুঃখজনকভাবে, আমি অবশ্যই পদত্যাগপত্র জমা দেব। সেটি ৩০ জুন, ২০২৬ থেকে কার্যকর হবে।’

তুলসী গ্যাবার্ড লিখেছেন, ‘আমার স্বামী আব্রাহামের সম্প্রতি অতি বিরল ধরনের বোন ক্যানসার ধরা পড়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। এই সময়ে তার পাশে থাকা এবং এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমার অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।’

তুলসী গ্যাবার্ড চিঠিতে এ কথা লিখলেও ঘটনা সম্পর্কে অবগত হোয়াইট হাউসের একটি সূত্র বলেছে, হোয়াইট হাউস তাকে চলে যেতে বাধ্য করেছে।

ট্রাম্প অবশ্য এর আগে ইরান নিয়ে তুলসী গ্যাবার্ডের সঙ্গে তার মতের অমিলের ইঙ্গিত দিয়েছেন।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা নস্যাৎ করার ক্ষেত্রে তার তুলনায় তুলসী ‘নমনীয়’।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *