সোমবার, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘বাংলা কিউআর’ কোডে এখন লেনদেন করা যাবে ব্যক্তিপর্যায়ে

যায়যায়কাল প্রতিবেদক: বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (পিটুপি) লেনদেনের সুবিধা চালু হয়েছে।

রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু হয়। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন সুবিধা।

ফলে এই সেবার আওতায় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে টাকা পাঠানোর জন্য প্রাপকের মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করেই লেনদেন সম্পন্ন করা যাবে।

এর আগে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে এই সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে পিটুপি লেনদেনের এই সুবিধা সহায়তা করবে।

তারা বলেন, ‘এই উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগদ টাকাবিহীন লেনদেন বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ ও কম খরচে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৩ সালে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের একটি সমন্বিত ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদ টাকাবিহীন করার লক্ষ্যের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে দেশের সব জায়গায় ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে কিউআর কোডে পেমেন্টের সুবিধা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া, চলতি বছরের ৩০ জুনের মধ্যে সব ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পিএসপি এবং পিএসও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর কোড চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ