
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে সার মজুদ ও পরিবহনের অভিযোগে ১ হাজার কেজি (২০ বস্তা) ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট এক পরিবহনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ ও জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার পেরিরহাট থেকে একটি অটোভ্যানযোগে ২০ বস্তা ডিএপি সার ধুনট উপজেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি ব্রিজ সংলগ্ন অভিযান পরিচালনা করে। এ সময় অটোভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।
এ সময় অটোভ্যানচালক জানান, ধুনটের সার ব্যবসায়ী বকুলের নির্দেশে তিনি গাবতলী উপজেলার পেরিরহাটের সাইফুল নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ বস্তা সার সংগ্রহ করে ধুনটে নিয়ে যাওয়ার সময় সারগুলো অবৈধভাবে মজুদ কিংবা পরিবহন করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন। বিষয়টি আগে জানতে পারলে তিনি এই ভাড়ায় সার পরিবহন করতেন না বলেও জানান।
পরবর্তীতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা ২০ বস্তা ডিএপি সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া এবং বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ অবৈধভাবে সার মজুদ, পরিবহন কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্ উপস্থিত ছিলেন।
কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধ সার মজুদ ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।











