
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কর্মচারী নিয়োগ এবং সিজারিয়ান অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে দুদকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হয়নি। তবে এই অভিযানের পর হাসপাতালের স্বল্পমূল্যের এক্স-রে ও প্যাথলজি সেবা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে সাধারণ রোগীদের মাঝে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে এসব সেবা চালু থাকায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যবসা মন্দা যাচ্ছে; আর সেই সুযোগে একটি স্বার্থান্বেষী মহল সরকারি এই সেবাগুলো বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
দুদক জানায়, অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে দেখা যায়, এক্স-রে বিভাগে ৩ জন এবং প্যাথলজি বিভাগে ২ জন টেকনোলজিস্ট হিসেবে কাজ করছেন। কিন্তু তাঁদের সংশ্লিষ্ট কাজের কোনো প্রাতিষ্ঠানিক সনদ, অভিজ্ঞতা কিংবা সরকারি বা আউটসোর্সিং নিয়োগপত্র নেই; ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এ কাজে নিয়োজিত হয়েছেন।
পরিদর্শনে আরও উঠে আসে, এক্স-রে বিভাগে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হলেও সরকারি জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য লিপিবদ্ধ রয়েছে। একইভাবে প্যাথলজি বিভাগেও আদায়কৃত ফির তুলনায় রেজিস্টারে উল্লেখযোগ্য কম অর্থ জমা দেখানো হয়েছে। এছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
অভিযানকালে ফি আদায়ের রশিদের মুড়ি অংশ, রেজিস্টার ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
অভিযান ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বিস্তারিত ব্যাখ্যা দেন এবং এক্স-রে মেশিন সংক্রান্ত সরকারি নথিপত্র উপস্থাপন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল হাসনাতের ব্যক্তিগত কেনা এক্স-রে মেশিনে হাসপাতালের কার্যক্রম চলছে’—এমন প্রচারণাকে ভিত্তিহীন আখ্যা দিয়ে ডা. ইমরুল হাসান জানান, মেশিনটি সম্পূর্ণ সরকারিভাবে বরাদ্দ পাওয়া। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠিতে (স্মারক নং- ১৫৪২) দেখা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা একটি অব্যবহৃত এক্স-রে মেশিন (মডেল: 300mA Analogue, Mars-30) জনস্বার্থে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছিল।
ডা. ইমরুল হাসান বলেন, “সরকারিভাবে এই মেশিনটি পাওয়া গেলেও এর সঙ্গে কোনো প্রিন্টার ছিল না। প্রিন্টার ছাড়া রিপোর্ট দেওয়া অসম্ভব হওয়ায় সেবাটি বন্ধ রাখার উপক্রম হয়েছিল। তখন হাসপাতালের সার্বিক দিক বিবেচনায় এবং জনস্বার্থে সেবাটি সচল রাখতে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল হাসনাত ব্যক্তিগত অর্থায়নে একটি প্রিন্টার কিনে দেন।”
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সনদবিহীন লোকবল প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালে সেবাগুলো চালুর সময় স্থানীয় কোনো সংসদ সদস্য ছিলেন না। দীর্ঘ সময় ধরে শুধু মাধবপুর নয়, পুরো সিলেট বিভাগেই সরকারিভাবে কোনো মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি ও ল্যাবরেটরি) নিয়োগ দেওয়া হয়নি। প্যাথলজি বিভাগে একজন স্থায়ী মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) থাকলেও জনবল সংকটের কারণে পার্শ্ববর্তী ডায়াগনস্টিক সেন্টার থেকে কিছু অভিজ্ঞ টেকনোলজিস্ট ও সহকারী এনে দৈনিক ভিত্তিতে (ডেইলি বেসিস) কাজ চালানো হচ্ছে।”
রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের হিসাব ও রেজিস্টারে কম জমা দেখানোর বিষয়ে তিনি একটি ব্যয় বিবরণী তুলে ধরেন।
তার দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিটি এক্স-রে বাবদ ফিল্মের দাম ১৭০ টাকা, অনলাইন রিপোর্ট খরচ ৬০ টাকা, রিপোর্টপ্রতি টেকনোলজিস্টের সম্মানী ২০ টাকা, দুজন সহকারীর সম্মানী ২০ টাকা এবং প্রিন্টারের কালি, খাম ও ওয়াই-ফাই বাবদ ১০ টাকা খরচ হয়। এখানে হাসপাতালের কোনো লভ্যাংশ থাকে না; বরং স্বল্পমূল্যের এই পরীক্ষা-নিরীক্ষার সামান্য লভ্যাংশ থেকেই দৈনিক ভিত্তিতে কাজ করা কর্মীদের বেতন পরিশোধ করা হয় বলে তিনি দাবি করেন।
এদিকে, সরেজমিনে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ভিন্ন এক চিত্র পাওয়া গেছে।
স্থানীয়দের মতে, সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে এক্স-রে ও প্যাথলজি সেবা চালু থাকায় সাধারণ মানুষ বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চড়া মূল্যে পরীক্ষা করাতে চাইছেন না। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অভিযোগ উঠেছে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সুবিধা দিতে একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের এই সেবাগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যাতে সেবাগুলো বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, হাসপাতালের স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্যাথলজি ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সাধারণ রোগীদের দাবি, প্রকৃত অনিয়ম থাকলে দুদক অবশ্যই তার ব্যবস্থা নেবে, কিন্তু জনস্বার্থে এই সেবাগুলো যেন কোনোভাবেই বন্ধ না হয়। পাশাপাশি, স্টাফদের পরিবারকে পুরোপুরি ফ্রি সুবিধা না দিয়ে তাঁদের কাছ থেকেও নির্ধারিত স্বল্প ফি আদায় করা হোক এবং সেই সমন্বয়ে নিম্নআয়ের সাধারণ মানুষের জন্য পরীক্ষা-নিরীক্ষার মূল্য আরও কমিয়ে আনা হোক।











