বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে মার্কেট ভাঙচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রুহুল আমিন, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা, ভাঙচুর, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল রানা জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় নিজের মার্কেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জুয়েল রানা।

লিখিত বক্তব্যে তিনি জানান- মাহনা ভবানীপুর মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের মোট ২৩.৬২ শতাংশ জমির বৈধ মালিক তিনি। ওই জমিতে একটি মার্কেট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

জুয়েল রানার অভিযোগ- সম্প্রতি এলাকায় জমির দাম বৃদ্ধি পাওয়ায় আতিকুল ইসলাম কাঁইয়া, সেলিম সরকার সহ তাদের সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাহিদামতো অর্থ না দিলে মার্কেট ও জমি দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়।

তিনি বলেন- গত ৯ জুন (মঙ্গলবার) বিকেলে নির্মাণাধীন মার্কেটে গেলে অভিযুক্তরা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের দাবি প্রত্যাখ্যান করলে ২৪ ঘণ্টার মধ্যে মার্কেট ভেঙে জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।”

জুয়েল রানার দাবি, হুমকির একদিন পর ১০ জুন (বুধবার) দিবাগত রাত প্রায় ৩টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে তার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি ভবিষ্যতে জোরপূর্বক সম্পত্তি দখল করে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার মালিকানাধীন সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত আতিকুল ইসলাম কাঁইয়া সাংবাদিকদের বলেন, জুয়েল রানার দাবি করা মার্কেটের প্রকৃত মালিক আমি ও আমার মা। সেখানে তার কোনো মালিকানা নেই। বরং তিনি নিজেই মার্কেটে ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যাতে জমি ও মার্কেট নিজের দখলে নিতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ