
নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন হচ্ছে।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ও কচাকাটা থানায় বিভিন্ন পূজামণ্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক।
শনিবার পরন্ত বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও কচাকাটা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরজমিনে পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজার প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান জানান। সকল পূজামণ্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।











