
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশ্যেই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা টি এস আই জাওয়াদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকায় স্থানীয় কৃষকদের মধ্যে এ সার বিতরণ করা হয়।
কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং জন্মদিনের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক। এ ছাড়া রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে প্রকাশ কুমার মাহাতো, শেখ সিয়াম, জান্নাতুল ফেরদৌস সরকার, রাকিব, শুভ মাহাতো ও হৃদয় এবং সলঙ্গা থানা ছাত্রলীগের রিয়াজুল হাসান মিরাজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা বলেন, কৃষক ও কৃষির উন্নয়নে শেখ হাসিনা কাজ করে গেছেন। তাঁর জন্মদিন স্মরণীয় করে রাখতে এবং প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে ছাত্রলীগের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
তবে এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।











