
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে গণবিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল পরবর্তী বক্তব্যে নেতৃবৃন্দ হাদি হত্যার বিচার নিশ্চিতে রাষ্ট্রের ব্যর্থতা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হত্যার বিচারহীনতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।
গণবিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান হোসেন রাফি। কর্মসূচি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সামিন রহমান।
বক্তব্যে খান তালাত মাহমুদ রাফি বলেন, ৩৩১ দিন হয়ে যাবার পরও রাষ্ট্র হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। ভারতে খুনীরা আশ্রয়ে রয়েছে জানার পরও খুনীদের ফেরত আনতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের খুনীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। জুলাইয়ের নেতৃত্বদের বাড়িঘরে পেট্রোল বোমা মারছে, কিন্তু সরকার নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আপনারা হামলা করবেন, সন্ত্রাসী কর্মকান্ড করবেন আর আমরা আপনাদের চুমু দিবো এটা ভেবে থাকলে ভুল করবেন, আর একটা জায়গায়ও যদি হামলা হয় আওয়ামী লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না। সময় থাকতে সাবধান হয়ে যান। আর যে আগুন জ্বালানো হচ্ছে সেই আগুন যদি সরকার নেভাতে ব্যর্থ হয় তাহলে সেই আগুনে স্বরাষ্ট্র মন্ত্রীর গদিও পুড়তে পারে।
এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের তামিম আবতাহী; চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম তাজ; যুগ্ম আহ্বায়ক এইচ এম আয়াজ উদ্দিন ও মাজহারুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক তৌসিফ বিন রফিক।
বক্তারা হাদি হত্যার দ্রুত বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিতকরণ এবং রাজনৈতিক সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।











