
হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই শাহ আলম ও এএসআই বিবাসের নেতৃত্বে পুলিশের একটি দল দিরাই বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সোহানুর রহমান সনির দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আটক সোহানুর রহমান সনি দিরাই পৌর এলাকার দাউদপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।
দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদক, জুয়াসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে পুলিশ সদস্যরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।











