রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিগারেট না দেওয়ায় দোকানদারের ওপর চড়াও

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে এইচএসসি ফলপ্রার্থী কলেজ ছাত্র জাকারিয়া খান নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণি সম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুহিদ হাসান রনি নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। সে শহরের ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে ও শহরের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র।

নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা শহরের কাটিয়ার রুচিরা বেকারী মালিক আব্দুল গফুর খানের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি ফল প্রত্যাশী।

শহরের সঙ্গীতা মোড় এলাকার প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের সামনে চা বিক্রেতা রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে থেকে প্রাণী সম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ইটাগাছা এলাকার কিছু বখাটে কিশোর সিগারেট চায়। তিনি সিগারেট না দেওয়ায় কিশোররা অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। তিনি তখন ফোনে তার ভাইপো বাপ্পী হাসানকে ডাকেন। কিছুক্ষণের মধ্যে দোকানে এসে বিষয়টি জানতে চাইলে কিশোররা বাপ্পী হাসানকে মারধর শুরু করে। এসময় বাপ্পী হাসানকে বাঁচাতে এগিয়ে আসে জাকারিয়া। তৎক্ষণাৎ মুরাদ হাসান রনি জাকারিয়াকে ছুরিকাঘাত করে।

জাকারিয়ার চাচা ইসমাইল হোসেন জানান, তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে ছুরির আঘাত লাগায় অবস্থার অবনতি হচ্ছিল। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। তার জানাজা নামাজ সরকারি বালক বিদ্যালয় মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে বলে জানান ইসমাইল হোসেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীদুর রহমান বলেন, জাকারিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ