
যায়যায়কাল প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠানোর পরামর্শ দিচ্ছে নয়াদিল্লি—গণমাধ্যমে প্রকাশিত এমন খবর নিয়ে প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে জানতে চান। তবে প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’
ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে নয়াদিল্লি একটি সামরিক বিমান পাঠাতে বলছে। একই সঙ্গে তাঁকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের বিষয়েও আলোচনা হচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ বা সমঝোতা হয়েছে কি না, তা জানতে চান তিনি।
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্থলপথে নাকি আকাশপথে দেশে ফিরবেন, এ বিষয়ে ভারতের কোনো প্রস্তুতি রয়েছে কি না এবং বিষয়টি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন কি না—এসব প্রশ্নেরও সরাসরি জবাব দেননি জয়সোয়াল।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
এরই মধ্যে যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার এমন ঘোষণা দিয়েছেন—বিষয়টি তেমন নয় বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকেই সামরিক বিমান পাঠাতে হবে। তিনি স্থলপথে কিংবা আকাশপথে ফিরতে পারেন। দ্বিতীয় শর্ত হিসেবে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার বিচার নতুন করে শুরুর বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।
শুক্রবারের ব্রিফিংয়ে এসব প্রতিবেদনের সত্যতা জানতে চাওয়া হলে জয়সোয়াল কোনো নিশ্চয়তা দেননি, আবার খবরগুলো অসত্য বলেও মন্তব্য করেননি। বরং এ বিষয়ে তাঁর কিছু বলার নেই বলে বারবার উল্লেখ করেন।
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
এদিকে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়েও প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বৈঠকটি কেন স্থগিত করা হয়েছে, জানতে চাইলে জয়সোয়াল বলেন, দুই দেশের পারস্পরিক সম্মতিতে সুবিধাজনক কোনো তারিখে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থার আওতায় বৈঠকও হয়েছে।
জয়সোয়াল জানান, এসব বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সংশোধিত ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্টস) ব্যবস্থাপনাসহ কনস্যুলার সংক্রান্ত বিষয়গুলো নিয়েও দুই দেশের আলোচনা হবে পারস্পরিক সম্মতিতে নির্ধারিত তারিখে। বিদ্যমান ব্যবস্থার আওতায় দ্বিপক্ষীয় সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে ভারত প্রস্তুত। এমনকি কারিগরি পর্যায়ের আলোচনাতেও ভারতের আপত্তি নেই।
অর্থাৎ, দুই দেশের জন্য সুবিধাজনক সময়েই স্থগিত হওয়া কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।











