রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় তুচ্ছ ঘটনায় অটোরিকশার যাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় দুই অটোরিকশার ওভারটেক করাকে কেন্দ্র করে চালকদের মধ্যে বিরোধের জেরে আবু তাহের ভূইয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশাচালক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নেত্রকোণা সদর উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ভূইয়া সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের মৃত আরশাদ ভূইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে চালকদের কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান যাত্রী আবু তাহের। এ সময় অটোরিকশার চালক ও তার বাড়ির লোকজন মিলে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় বাঁশের আঘাতে মাথায় গুরুতর জখম হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কসবা গ্রামে মারামারির ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ