
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আরিফিন নগরের জালালাবাদ মুক্তিযোদ্ধা আবাসিক এলাকার বায়তুল করিম জামে মসজিদ সংলগ্ন স্থানে সরকারি বিধি-বিধান ও প্রচলিত রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে উঠেছে একটি ভয়ংকর ও অবৈধ রাসায়নিক কারখানা।
সিমন ক্যামিক্যাল কোম্পানি নামীয় প্রতিষ্ঠানটিতে এসিড ক্রয়-বিক্রয় ও পরিবহনের কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সালফিউরিক এসিড মজুদ রাখা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো প্রকার অনুমোদন ছাড়াই সেখানে বাণিজ্যিকভাবে গাড়ির ডিস্টিল ওয়াটার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
সরেজমিনে অনুসন্ধান এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকা ও মসজিদে আগত মুসল্লিদের জীবন, জনস্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তার জন্য এক ভয়াবহ ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে কারখানাটি। বড় কোনো প্রাণহানি বা রাসায়নিক বিপর্যয় ঘটার আগেই সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা।
অনুসন্ধানে জানা যায়, ইফতে খাইরুল ইসলাম সুমেলের মালিকানাধীন ‘সিমন ক্যামিক্যাল কোম্পানি’ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে বায়তুল করিম জামে মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবনের ভেতর এই ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছে। কারখানাটির ভেতরে অরক্ষিত অবস্থায় সারি সারি ড্রামে বিপুল পরিমাণ দাহ্য ও ক্ষয়কারক সালফিউরিক এসিড মজুদ রাখা হয়েছে। অথচ প্রচলিত আইন অনুযায়ী, এসিড ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের জন্য জেলা প্রশাসনের সুনির্দিষ্ট লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।
এছাড়া, সরকারি বিধি অনুযায়ী গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত ডিস্টিল ওয়াটার উৎপাদন ও বাজারজাত করতে বিএসটিআই-এর বাধ্যতামূলক সিএম (CM) লাইসেন্স, মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র থাকা অপরিহার্য। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে এ ধরনের রাসায়নিক কারখানা স্থাপনের কোনো আইনি সুযোগ না থাকলেও প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমতি, মান নিয়ন্ত্রণ সনদ কিংবা ন্যূনতম অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই।
অনুসন্ধানে দেখা যায়,কারখানাটিতে বর্জ্য ব্যবস্থাপনার কোনো আধুনিক প্রযুক্তি বা বর্জ্য শোধন ব্যবস্থা (ETP) নেই। ফলে উৎপাদন প্রক্রিয়া থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য ও দূষিত পানি সরাসরি লোকালয়ের ড্রেন এবং আশপাশের উন্মুক্ত জলাশয়ে মিশছে। এতে এলাকার ভূগর্ভস্থ পানি, জলাশয় ও মাটি মারাত্মকভাবে দূষিত হয়ে পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও মসজিদের মুসল্লিরা জানান, দিন-রাত কারখানাটি চালু থাকায় নির্গত তীব্র ঝাঁঝালো গ্যাস ও রাসায়নিকের বিষাক্ত দুর্গন্ধে আশপাশের বাতাস ভারী হয়ে থাকে। নিজ ঘরে কিংবা মসজিদে নামাজ পড়তে এসেও ঠিকমতো নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কোমলমতি শিশু, গর্ভবতী নারী ও বয়স্করা তীব্র শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ, চোখের জ্বালাপোড়াসহ বিভিন্ন জটিল চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা আজ কার্যত বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ সালফিউরিক এসিড মজুদ থাকায় যেকোনো মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণ বা প্রাণহানির চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
এসব অভিযোগ এবং সরকারি অনুমোদনের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিক ইফতে খাইরুল ইসলাম সুমেল প্রচলিত রাষ্ট্রীয় আইনকে সরাসরি অস্বীকার করে দায়সারা ও ঔদ্ধত্যপূর্ণ জবাব দেন। তিনি দাবি করেন, “এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করতে কোনো সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না।” এমনকি এসিড ক্রয়-বিক্রয় ও পরিবহনের লাইসেন্সের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আরও একধাপ এগিয়ে বলেন, “এখানেও কোনো লাইসেন্স লাগে না।”
সচেতন মহলের মতে, মালিকের এমন বক্তব্য রাষ্ট্রীয় আইনের প্রতি চরম অবজ্ঞা এবং প্রশাসনের নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাসের জন্য এই আবাসিক এলাকায় আছি। কিন্তু মসজিদ সংলগ্ন এমন একটি অবৈধ কারখানার বিষাক্ত বর্জ্য, গ্যাস ও অবৈধভাবে মজুদ রাখা সালফিউরিক এসিডের কারণে আজ আমাদের সন্তান ও মুসল্লিদের জীবন সংকটাপন্ন। যেকোনো মুহূর্তে বড় ধরনের রাসায়নিক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনের উচ্চপর্যায়ের কাছে এর দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও স্থায়ী সমাধান চাই। অন্যথায় জীবন ও পরিবেশ বাঁচাতে এলাকাবাসী রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
আইনজ্ঞ ও সচেতন মহলের মতে, প্রচলিত ‘এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২’, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এবং ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়া সালফিউরিক এসিড মজুদ ও পরিবহন এবং আবাসিক এলাকায় পরিবেশ বিধ্বংসী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা জামিন অযোগ্য শাস্তিযোগ্য অপরাধ।
বৃহত্তর জনস্বার্থ, কোমলমতি শিশু ও মুসল্লিদের নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং স্থানীয় পরিবেশ রক্ষার্থে অবৈধ ‘সিমন ক্যামিক্যাল কোম্পানি’-র বিরুদ্ধে অনতিবিলম্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে কারখানাটি সিলগালা করা, অবৈধভাবে মজুদকৃত সালফিউরিক এসিড ও অন্যান্য মালামাল জব্দ করা এবং মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।











