
যায়যায়কাল ডেস্ক: নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা রোববার এভারেস্টের চূড়ায় ৩২তমবারের মতো উঠে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন।
অপর দিকে লাখপা শেরপা ১১তমবার চূড়ায় পৌঁছে নারীদের মধ্যে নিজের রেকর্ড ভেঙেছেন।
রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
নেপালের পর্যটন বিভাগের মুখপাত্র হিমাল গৌতম বলেছেন, ‘এটা নেপালের পর্বতারোহণের ইতিহাসে আরেকটি মাইলফলক।’
কামি রিতা শেরপা (৫৬) প্রথম ১৯৯৪ সালে বাণিজ্যিক অভিযানের সদস্য হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি পর্বতারোহীদের গাইড হিসেবে এভারেস্টে উঠছেন।
লাখপা শেরপা (৫২) ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত। তিনি ২০০০ সালে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন। তিনিই প্রথম নেপালি নারী যিনি এভারেস্ট জয় করে নিরাপদে নেমে আসতে পেরেছিলেন।
হিমাল গৌতম বলেন, ‘তাদের এই রেকর্ড অন্য পর্বতারোহীদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করবে। এভারেস্টে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড গড়লে পর্বতারোহণ আরও নিরাপদ, সম্মানজনক ও সুসংগঠিত হবে।’
২০২৪ সালে এভারেস্ট জয়ের পর কামি রিতা বলেছিলেন, তিনি শুধু কাজ করছেন, রেকর্ড গড়ার কোনো পরিকল্পনা তার নেই।
১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপার প্রথম এভারেস্ট জয়ের পর থেকেই পর্বতারোহণ নেপালের জন্য একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
চলতি মৌসুমে এভারেস্টে আরোহণের জন্য রেকর্ড সংখ্যক ৪৯২টি অনুমতিপত্র ইস্যু করেছে নেপাল সরকার। পর্বতারোহী ও সহায়ক কর্মীদের নিয়ে এভারেস্টের পাদদেশে তৈরি হয়েছে বিশাল তাঁবুর শহর।











